নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৯ এপ্রিল ২০২৬ :

সিতাই, ২৯ এপ্রিল: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা হাসপাতাল চত্বর থেকে অ্যাম্বুলেন্স চুরির ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল পুলিশ। কোচবিহার জেলার সিতাই থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো চুরি যাওয়া অ্যাম্বুলেন্সটি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঘোকসাডাঙ্গা থানার বাসিন্দা এক যুবককে।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে ফালাকাটা হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স উধাও হয়ে যায়। যার রেজিস্ট্রেশন নম্বর AS 19C 9239। চুরির বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অ্যাম্বুলেন্সের মালিক দ্রুত ফালাকাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফালাকাটা থানার তরফে তৎক্ষণাৎ আলিপুরদুয়ার ও পার্শ্ববর্তী কোচবিহার জেলার সমস্ত থানায় সতর্কবার্তা পাঠানো হয় এবং অ্যাম্বুলেন্সটির বিবরণ শেয়ার করা হয়।
বুধবার সকালেই সিতাই থানার এএসআই প্রণব কুমার রায় এবং তাঁর বিশেষ টিম কামতেশ্বরী সেতু এলাকায় প্রাতঃকালীন টহলে ছিলেন। সেই সময় ওই সেতু দিয়ে যাওয়ার পথে সন্দেহভাজন অ্যাম্বুলেন্সটিকে আটক করেন তারা। চালকের আসনে থাকা যুবকের কথায় অসঙ্গতি পাওয়ায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে জানা যায়, এটিই সেই ফালাকাটা থেকে চুরি যাওয়া গাড়ি। পুলিশ অভিযুক্ত মোলা বর্মনকে ( নাম পরিবর্তিত ) গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃত যুবকের বাড়ি ঘোকসাডাঙ্গা থানা এলাকায়।
সিতাই থানার পুলিশ দ্রুত এই সাফল্যের খবর ফালাকাটা থানাকে জানায়। খবর পেয়েই ফালাকাটা থানার একটি পুলিশ দল সিতাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা পুলিশের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে অপরাধীকে পাকড়াও করায় সিতাই থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। অভিযুক্তকে কেন এই চুরির সঙ্গে যুক্ত ছিল বা এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।