ডুয়ার্সে বন্যপ্রাণের তাণ্ডব: হাতির হানায় বাইক আরোহীর মৃত্যু, বাইসনের গুঁতোয় জখম ১
জারুল রাভা, আলিপুরদুয়ার, ১৭ জানুয়ারী ২০২৬ :-
ডুয়ার্সের জঙ্গলে বন্যপ্রাণের হামলায় প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার দুপুরে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন চিলাপাতা-হাসিমারা রাজ্য সড়কে বুনো হাতির কবলে পড়ে মৃত্যু হলো বাপি রাম (৩০) নামে এক বাইক আরোহীর। মৃত যুবক আলিপুরদুয়ার ১ ব্লকের শীলবাড়িহাটের যোগেন্দ্র নগরের বাসিন্দা ছিলেন।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ হাসিমারা থেকে বাইক সার্ভিসিং করিয়ে বাড়ি ফিরছিলেন বাপি। রাজ্য সড়কের একটি বাঁকের মুখে আচমকাই তিনি একটি দাঁতাল হাতির সামনে পড়ে যান। পালানোর সুযোগ পাওয়ার আগেই হাতিটি তাঁকে ধরে ফেলে এবং নৃশংসভাবে পিষে মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ক্ষিপ্ত হাতিটি যুবকের বাইকটিকেও দুমড়ে-মুচড়ে দেয়। বনকর্মীরা পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। এই ঘটনায় যোগেন্দ্র নগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, এদিন সকালেই কালচিনির মেন্দাবাড়িতে এক বাইসনের হামলায় গুরুতর জখম হন অনিল রাভা নামে এক ব্যক্তি। বাইসনটি তাঁর পায়ে শিং ঢুকিয়ে দিলে তিনি আর্তচিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে আসায় অল্পের জন্য তাঁর প্রাণ বাঁচে। বর্তমানে তিনি লাতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভিন কাসোয়ান জানান, দুটি ঘটনাই অত্যন্ত দুঃখজনক। মৃত যুবকের পরিবারকে সরকারি নিয়ম মেনে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একজনের চাকরির প্রস্তাব পাঠানো হবে। জখম ব্যক্তির চিকিৎসার খরচও বনদপ্তর বহন করবে।