বক্সার জঙ্গলে হাতির হামলা: লতাপাতা সংগ্রহ করতে গিয়ে মৃত্যু চা শ্রমিকের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

ধর্মীয় অনুষ্ঠানের উপকরণ সংগ্রহ করতে গিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে হাতির আক্রমণের মুখে পড়ে প্রাণ হারালেন এক আদিবাসী বৃদ্ধ। সোমবার সাতসকালে কুমারগ্রামের ফাগুডোবা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম সানিয়া ওঁরাও (৭২)। তিনি আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের সংকোশ চা বাগানের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে পূজার অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় লতাপাতা ও ডালপালা সংগ্রহ করতে জঙ্গলের বেশ গভীরে ঢুকে পড়েছিলেন সানিয়া। সেই সময় একটি বুনো হাতি আচমকা তাঁর ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। খবর পেয়ে বনদপ্তর এবং পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তবে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত বনাঞ্চলের আইন ভেঙে জঙ্গলের গভীরে প্রবেশ করায় সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। বনের ভেতরে প্রবেশের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা বারবার ঘটায় উদ্বেগ প্রকাশ করেছে বন প্রশাসন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!