দীর্ঘ প্রতীক্ষার অবসান : নিজস্ব ইভিএম ওয়্যার হাউজ পেল আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম | The 4th Column

দীর্ঘ প্রতীক্ষার অবসান, নিজস্ব ইভিএম ওয়্যার হাউজ পেল আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১৮ এপ্রিল ২০২৫ :-

— নির্মাণ কাজ শুরু হয়েছে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়্যারহাউজের ,আলিপুরদুয়ারে

জেলা ঘোষণার প্রায় ১১ বছর পর অবশেষে নির্বাচন কমিশনের নিজস্ব ইভিএম ওয়্যার হাউজ তৈরির জন্য অনুদান পেল আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম জেলা। এতদিন ধরে এই দুই জেলায় নির্বাচন কমিশনের নিজস্ব ইভিএম, ভিভিপ্যাট ও অন্যান্য নথি সংরক্ষণের জন্য কোনো পৃথক ভবন ছিল না। তবে, নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, শীঘ্রই কালিম্পং জেলাতেও এই অনুদান মিলবে।
তিন তলা বিশিষ্ট এই ভবন নির্মাণের জন্য আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম জেলাকে ২ কোটি টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলা নির্বাচন দপ্তরের ওসি শুভ্র নন্দী জানান, “আলিপুরদুয়ারে নির্বাচন কমিশনের ইভিএম মেশিন রাখার ওয়্যার হাউজ তৈরির জন্য ২ কোটি টাকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভবন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে, আগামী বিধানসভা ভোটের আগেই ভবন তৈরির কাজ শেষ হবে।”
আলিপুরদুয়ারের জেলাশাসকের বাংলোর পাশে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে এই তিন তলা ওয়্যার হাউজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নিজস্ব ইঞ্জিনিয়ারিং বিভাগ না থাকায়, জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগকে ভবন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
এতদিন নিজস্ব ওয়্যার হাউজ না থাকায় প্রতিবার নির্বাচনের সময় আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে ইভিএম মেশিনপত্র রাখা হত। এর ফলে, কিছুদিনের জন্য স্টেডিয়ামের সমস্ত খেলাধুলার অনুশীলন বন্ধ রাখতে হত, যা নিয়ে খেলোয়াড় ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হত। তবে, জেলা নির্বাচন দপ্তর জানিয়েছে, নিজস্ব ওয়্যার হাউজ তৈরি হয়ে গেলে আর ইন্ডোর স্টেডিয়ামে ইভিএম মেশিন রাখা হবে না। নির্বাচনের অন্যান্য কাজকর্ম ইন্ডোর স্টেডিয়াম থেকেই পরিচালিত হবে।
দীর্ঘ ১১ বছর পর ইভিএম ওয়্যার হাউজ তৈরির অনুমোদন ও অর্থ মঞ্জুর হওয়ায় জেলার প্রশাসনিক মহলে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!