নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ মে ২০২৬ :

স্টেশন উন্নয়ন ও সুরক্ষা খতিয়ে দেখতে ধুবড়ি-গৌরীপুর পরিদর্শনে ডিআরএম
আলিপুরদুয়ার:
রেলওয়ে স্টেশন আধুনিকীকরণ এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে জোর দিতে আলিপুরদুয়ার ডিভিশনের ধুবড়ি ও গৌরীপুর স্টেশন পরিদর্শনে এলেন ডিআরএম (divisional railway manager) দেবেন্দ্র সিং। কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত স্টেশন স্কিম’ (ABSS)-এর অধীনে এই দুটি স্টেশনকে বিশ্বমানের করে তোলার কাজ চলছে। সেই উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই এই বিশেষ পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শনকালে ডিআরএম দেবেন্দ্র সিং ধুবড়ি ও গৌরীপুর স্টেশনের চলমান পুনর্গঠন কাজ এবং যাত্রী সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রকল্পগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। কাজের গুণমান যাতে আন্তর্জাতিক মানের হয় এবং সমস্ত নির্ধারিত নিয়ম মেনে কাজ শেষ করা হয়, সে বিষয়ে তিনি কড়া নির্দেশ দেন। স্টেশনের সৌন্দর্যায়ন থেকে শুরু করে ওয়েটিং রুম, পানীয় জল এবং সুরক্ষার পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি।
স্টেশন পরিদর্শনের পাশাপাশি, রেল সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিআরএম একটি ‘উইন্ডো ট্রেলিং’ (window trailing) পরিদর্শনও করেন। আলিপুরদুয়ার জংশন থেকে নিউ কোচবিহার হয়ে ধুবড়ি সেকশন পর্যন্ত এই ট্রেলিং পরিদর্শন চালানো হয়। যাত্রাপথে রেললাইনের বর্তমান অবস্থা, ট্র্যাক পরিকাঠামো এবং অন্যান্য রেল সম্পদের রক্ষণাবেক্ষণের মান খতিয়ে দেখা হয়। রেললাইনের নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন তিনি।
এই গুরুত্বপূর্ণ পরিদর্শনে ডিআরএম-এর সঙ্গে উপস্থিত ছিলেন এডিআরএম (ADRM) সহ আলিপুরদুয়ার ডিভিশনের অন্যান্য পদস্থ ও প্রবীণ রেল আধিকারিকরা। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের আধুনিক ও নিরাপদ সফর উপহার দিতেই এই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানো হচ্ছে।