জারুল রাভা, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২ নভেম্বর ২০২৬ :-

ডুয়ার্স উৎসব পরিচালনার নয়া কমিটি নিয়ে এবার ঝড় উঠতে চলেছে আলিপুরদুয়ার বিজেপির অন্দরেই। সূত্রের খবর, যে কার্যকরী কমিটি কয়েকদিন আগেই বৈঠক করে তৈরি করা হয়েছে , সেই কমিটির পদ দায়িত্ব বণ্টন নিয়েই প্রশ্ন উঠিয়েছে দলেরই একাংশ ।
প্রসঙ্গত, প্রথম ডুয়ার্স উৎসব শুরু হয়েছিল ২০০৫ সালে। আলিপুরদুয়ার অঞ্চলের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবং স্থানীয় জনজাতিগোষ্ঠীর সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে এই উৎসবের সূচনা করা হয়েছিল। মাঝখানে করোনা মহামারীর কারণে ২০২০ এবং ২০২১ সালে দুই বছর উৎসবটি বন্ধ ছিল, যার ফলে এটি বর্তমানে ২০তম বর্ষে পদার্পণ করছে। এবং শুরু থেকেই এই উৎসবে নিজেদের অবস্থান কায়েম করেছে প্রতিটি শাসক দল । আংশিক সরকারি বদান্যতায় চলা এই বে সরকারি উৎসব আঙিনায় প্রথম দিন থেকেই আধিপত্য ছিল শাসক দলের । এবারেও তার অন্যথা হয়নি । বিজেপির সাংসদ কিংবা দলের জেলা সভাপতি সহ অন্যান্যরা রয়েছেন শীর্ষ দায়িত্বে । কিন্তু , এর বাইরে প্রশ্ন উঠেছে একটি গুরুত্বপুর্ন পদ দায়িত্ব নিয়ে । দলের একাংশের মতে, একসময় তৃণমূল সান্নিধ্যে থাকা ব্যক্তিকে এবারের ডুয়ার্স উৎসবের এক গুরু দায়িত্ব দেওয়ার আগে একবার ভাবা উচিত ছিল । আলিপুরদুয়ার শহরের বেশ কয়েকজন দলীয় একনিষ্ঠ ও যোগ্য ব্যক্তি এই দায়িত্বের দাবিদার বলেই ক্ষোভের গুঞ্জন উঠেছে । আগামীকাল এই নিয়ে যে ক্ষোভের ঝড়ের মোকাবিলা বিজেপি জেলা নেতৃত্বকে সামাল দিতে হতে পারে , তার সম্ভাবনাই ঘোরাফেরা করছে আলিপুরদুয়ারের অলিতে গলিতে ।