নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৩ মার্চ ২০২৫ :-

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবা নিয়ে উত্তেজনা। দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস মেশিন খারাপ থাকার অভিযোগে সরব হয়েছেন রোগীরা। এই পরিস্থিতিতে আজ রবিবার, বিজেপির যুব মোর্চা দুই বিধায়ককে সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেয়।
বিজেপির কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁ হাসপাতালের পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে ‘নরক’ বলে অভিহিত করেন। বিধায়কের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস মেশিন খারাপ থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়ালাইসিস মেশিন খারাপ থাকায় অনেক রোগীকে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে, যা অত্যন্ত ব্যয়বহুল। এর ফলে গরিব রোগীদের চরম সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানের দাবিতে সরব হয়েছেন রোগীর পরিবারগুলি।
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি। তবে, রোগীদের অভিযোগ এবং বিধায়কদের বিক্ষোভের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।