শীঘ্রই শীতাতপনিয়ন্ত্রিত হচ্ছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের শিশু বিভাগ ও নিয়োনেটাল কেয়ার ইউনিট | The 4th Column

শীঘ্রই শীতাতপনিয়ন্ত্রিত হচ্ছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের শিশু বিভাগ ও নিয়োনেটাল কেয়ার ইউনিট
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৮শে এপ্রিল ২০২৫:

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্র (নিওনেটাল কেয়ার ইউনিট) এবং শিশু বিভাগ শীঘ্রই শীতাতপনিয়ন্ত্রিত হতে চলেছে। সম্প্রতি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। এর ফলে তীব্র গরমের হাত থেকে সদ্যোজাত শিশু ও তাদের মায়েরা অনেকটাই আরাম পাবেন বলে আশা করা যাচ্ছে।
বর্তমানে চারতলা বিশিষ্ট আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত নিওনেটাল কেয়ার ইউনিটের উপরে কোনো শেড না থাকায় গ্রীষ্মকালে সেখানকার তাপমাত্রা অসহনীয় হয়ে ওঠে। একইসঙ্গে দ্বিতীয় তলায় থাকা চাইল্ড কেয়ার ইউনিটেও গরমে শিশুদের কষ্ট হয়। এই পরিস্থিতিতে সদ্যজাতদের সংক্রমণমুক্ত রাখা এবং তাদের আরামের কথা ভেবে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই দুটি বিভাগকে শীতাতপনিয়ন্ত্রিত করার উদ্যোগ নিয়েছে।
সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিশেষ নির্দেশ পাওয়ার পরই রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন পায়। পরিকল্পনা অনুযায়ী, নিওনেটাল কেয়ার ইউনিটে আটটি এবং চাইল্ড কেয়ার ইউনিটে আটটি, মোট ১৬টি বাতানুকূল যন্ত্র স্থাপন করা হবে।
এই বিষয়ে জেলা হাসপাতালের সুপার পরিতোষ মন্ডল জানান, “বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা জেলা হাসপাতালের নিওনেটাল কেয়ার ইউনিট ও চাইল্ড কেয়ার ইউনিটকে শীতাতপনিয়ন্ত্রিত করার সিদ্ধান্ত নিয়েছি। চারতলার উপরে নিওনেটাল কেয়ার ইউনিট থাকায় গ্রীষ্মকালে নবজাতক ও তাদের মায়েদের খুবই কষ্ট হয়। এছাড়াও, শিশুদের জীবাণুমুক্ত রাখতে দ্বিতীয় তলের চাইল্ড কেয়ার ইউনিটকেও শীতাতপনিয়ন্ত্রিত করা প্রয়োজন।” তিনি আরও জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পূর্ত দপ্তরের মাধ্যমে প্রস্তাবিত খরচ ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে।
জেলা হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগ নিঃসন্দেহে জেলার সদ্যোজাত শিশু ও তাদের অভিভাবকদের জন্য এক স্বস্তির খবর। দ্রুত এই কাজ সম্পন্ন হলে গরমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও সুনিশ্চিত করা যাবে বলে মনে করছেন সকলে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!