নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ মার্চ ২০২৬ :

আলিপুরদুয়ার: বর্তমান বাজারদরের সঙ্গে পাল্লা দিয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে বাংলার লোকশিল্পীদের। এই চরম আর্থিক ও প্রশাসনিক সংকট থেকে মুক্তি পেতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় এবার সরব হলেন আলিপুরদুয়ার জেলার লোকশিল্পীরা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সঙ্ঘের জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার অসংখ্য লোকশিল্পী দীর্ঘকাল ধরে ‘লোকপ্রসার’ প্রকল্পের মাধ্যমে বাংলার লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখলেও, বর্তমানে তাঁরা চরম অবহেলার শিকার। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, বর্তমান মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে মাসিক ১,০০০ টাকার ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করতে হবে। এছাড়া, যারা ‘দিদিকে বলো’ বা তথ্য ও সংস্কৃতি দপ্তরে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের দ্রুত অডিশনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে যে, প্রতিটি ব্লকে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে তুলতে হবে এবং শিল্পীদের প্রয়োজনীয় পোশাক ও বাদ্যযন্ত্র সরকারিভাবে সরবরাহ করতে হবে। সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের গাড়ি ভাড়া ও সঠিক সাম্মানিক নিশ্চিত করার পাশাপাশি বাস ও ট্রেনে যাতায়াতের ভাড়ায় ছাড় এবং বিমা পরিষেবার দাবিও তুলে ধরা হয়েছে। লোকপ্রসার প্রকল্পের অধীনে প্রতি মাসে অন্তত ৪টি অনুষ্ঠানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন শিল্পীরা।
এদিন স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের প্রতিনিধি প্রশান্ত রাভা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমাদের এই ন্যায্য দাবিগুলো মানা না হলে আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।” জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দাবিগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।