সাতসকালে দলগাঁও চা বাগানে ধরা পড়ল পূর্ণ বয়স্ক গুলবাঘ, আতঙ্কিত শ্রমিকরা হাঁফ ছাড়লেন
নিউজ ডেস্ক, ফালাকাটা, আলিপুরদুয়ার, ২৭শে মার্চ ২০২৫:

বৃহস্পতিবার সাতসকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় একটি পূর্ণ বয়স্ক পুরুষ গুলবাঘ ধরা পড়ায় চা শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। বেশ কিছুদিন ধরেই চা বাগানটির এস/২-৩ সেকশনে একটি গুলবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাগানের শ্রমিকরা এবং বনদপ্তরের কাছে খাঁচা পাতার জন্য আবেদন জানান।
জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা শ্রমিকদের উদ্বেগের কথা মাথায় রেখে সম্প্রতি ওই এলাকায় ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতেন। অবশেষে বৃহস্পতিবার ভোরে সেই খাঁচায় ধরা পড়ে পূর্ণ বয়স্ক পুরুষ গুলবাঘটি।
সকালে শ্রমিকরা কাজে যাওয়ার সময় খাঁচার মধ্যে গুলবাঘটিকে দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই বনদপ্তরে খবর দেন। খবর পাওয়া মাত্রই দলগাঁও রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। খাঁচা থেকে গুলবাঘটিকে উদ্ধার করে তারা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গুলবাঘটি সুস্থ রয়েছে এবং তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর বনকর্মীরা দেরি না করে গুলবাঘটিকে গভীর জঙ্গলে নিয়ে যান এবং সেখানে সেটিকে মুক্ত করে দেন। দীর্ঘদিন ধরে এলাকায় গুলবাঘের আনাগোনার কারণে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, বনদপ্তরের এই তৎপরতায় শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বনদপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।
এই ঘটনার পর চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং বনদপ্তরের সঙ্গে সহযোগিতা করার কথা বলেছেন। বনদপ্তরের আধিকারিকরাও স্থানীয় বাসিন্দাদের বন্যপ্রাণীদের থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।