সাইবার জালিয়াতির শিকার দুই ব্যক্তির খোয়া যাওয়া টাকা উদ্ধার করল আলিপুরদুয়ার জেলা পুলিশ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ মে ২০২৬ :

আলিপুরদুয়ার: বর্তমান ডিজিটাল যুগে সাইবার অপরাধীদের দাপট ক্রমশ বেড়েই চলেছে। নিত্যনতুন কৌশলে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারণা চক্র। তবে অপরাধীদের এই বাড়বাড়ন্ত রুখতে কড়া অবস্থান নিয়েছে প্রশাসনও। ফের একবার সাইবার জালিয়াতির শিকার হওয়া দুই ব্যক্তির খোয়া যাওয়া টাকা উদ্ধার করে বড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। পৃথক দুটি ঘটনায় অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে কয়েক হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিল পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাসের সাথে। প্রতারকরা সুকৌশলে নিজেদের ‘স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’-র কর্মী পরিচয় দিয়ে তাঁকে ফোন করে। এরপর একটি ভুয়ো APK ফাইল পাঠিয়ে তাঁর মোবাইল ফোনের রিমোট অ্যাক্সেস নিয়ে নেয় তারা। এর কিছুক্ষণের মধ্যেই চিত্তরঞ্জনবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৪ হাজার টাকা গায়েব করে দেওয়া হয়। ঘটনার পর তিনি দেরি না করে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ দায়ের করেন। আলিপুরদুয়ার জেলা পুলিশের সাইবার সেল নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রাথমিক ধাপে ২৯,০০০ টাকা উদ্ধার করে তাঁর অ্যাকাউন্টে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। বাকি টাকা উদ্ধারের প্রক্রিয়াও বর্তমানে জারি রয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় ঘটনাটি আলিপুরদুয়ারের জনৈক গোকুল দাসের সাথে ঘটে। একটি রেস্তোরাঁ ভাড়া নেওয়ার নাম করে তৈরি এক ভুয়ো চুক্তিতে জড়িয়ে ২০,০০০ টাকা খুইয়েছিলেন তিনি। অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে এবং জালিয়াতি হওয়া সম্পূর্ণ ২০,০০০ টাকাই উদ্ধার করে গোকুলবাবুর অ্যাকাউন্টে ফিরিয়ে দিয়েছে।
বারবার সাফল্য পেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সদা সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। পুলিশের পরামর্শ— কোনো অজানা ব্যক্তিকে নিজের ব্যক্তিগত বা ব্যাঙ্কিং তথ্য দেবেন না। অচেনা কোনো লিঙ্ক বা সন্দেহজনক ফাইল ফোনে ইনস্টল করবেন না। ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে কেউ ফোন করলেও কখনও ওটিপি শেয়ার করবেন না। পুলিশের এই সাফল্যে খুশি জেলাবাসী।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!