আলিপুরদুয়ারে রবীন্দ্র চর্চা কেন্দ্রের রবিচ্ছায়া অনুষ্ঠান: সাংস্কৃতিক সন্ধ্যার এক মনোরম ঝলক
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২২ মার্চ ‘ ২০২৫ :-

শনিবার আলিপুরদুয়ার পুরসভা মঞ্চে রবীন্দ্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হয় “রবিচ্ছায়া” নামক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তিতে সমৃদ্ধ এই অনুষ্ঠান আলিপুরদুয়ারের সংস্কৃতিপ্রেমী মানুষদের এক আনন্দঘন সন্ধ্যা উপহার দিয়েছে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শ্যামা নৃত্যনাট্য, যার পরিচালক ছিলেন ত্রিদিব দে। শ্যামার ভূমিকায় অহনা রায় দর্শকদের মুগ্ধ করেছেন। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শহরের পাঁচটি নৃত্য প্রশিক্ষণ সংস্থার পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও, রবীন্দ্র চর্চা কেন্দ্রের সদস্যরা গান ও ভাষ্যপাঠের এক সুন্দর কোলাজ পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনদের শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে শহরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রবীন্দ্র চর্চা কেন্দ্রের সম্পাদক অর্পিতা সেন শহরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই অনুষ্ঠান আলিপুরদুয়ারের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করেছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র চর্চা কেন্দ্র শহর আলিপুরদুয়ারের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক ঝলক শীতল বাতাস বইয়ে দিয়েছে বলে মনে করছেন শহরের বিশিষ্টজনেরা।