জারুল রাভা , নিজস্ব প্রতিনিধি, বারবিশা, ৯ জানুয়ারি ২০২৬ :
উত্তরবঙ্গের চা-বলয় ও গ্রামীণ শ্রমজীবী মানুষের একগুচ্ছ দাবি নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার বারবিশায় এক বিশাল জনসভা করল সিপিআইএম। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী এবং যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। মূলত বন্ধ চা বাগান খোলা, ১০০ দিনের কাজের বকেয়া ও মজুরি বৃদ্ধি এবং এলাকার পরিকাঠামো উন্নয়নের দাবিতে এই সমাবেশের ডাক দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারকেই তীব্র আক্রমণ করেন। তাঁদের অভিযোগ, ১০০ দিনের কাজের নাম পরিবর্তন করে আদতে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। দাবি তোলা হয়, ১০০ দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে এবং দৈনিক মজুরি বাড়িয়ে ৬০০ টাকা করতে হবে। একই সঙ্গে শ্রমিক বিরোধী নতুন ‘শ্রমকোড’ বাতিলের দাবিতেও সরব হন তাঁরা।
এলাকার দীর্ঘদিনের দাবিগুলি তুলে ধরে মীনাক্ষী মুখার্জি বলেন, বারবিশায় মহাবিদ্যালয় স্থাপন এবং কুমারগ্রামকে মহকুমা হিসেবে ঘোষণা এখন সময়ের দাবি। এছাড়া কামাখ্যাগুড়িকে পৌরসভা ঘোষণা ও সেখানে দ্রুত উড়ালপুল নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। স্থানীয় পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ঘোড়ামাড়া থেকে আলিপুরদুয়ার ভায়া ভাটিবাড়ি রাস্তা সম্প্রসারণ এবং সমস্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবি জানানো হয় এদিনের মঞ্চ থেকে।
আভাস রায় চৌধুরী বলেন, “রাস্তাঘাট বেহাল, কাজ নেই মানুষের হাতে। বন্ধ বাগান খোলার সদিচ্ছা নেই সরকারের।” সমাবেশকে কেন্দ্র করে এদিন কর্মীদের উৎসাহ ছিল তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশের মাধ্যমে উত্তরবঙ্গে নিজেদের জমি শক্ত করতে চাইছে বামেরা।