বীরপাড়ায় মা র্ডার : ৩ বছর পর খু নি প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ডের সাজা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১২ মার্চ ২০২৬ :

বীরপাড়া, আলিপুরদুয়ার: পুরানো শত্রুতা নাকি মুহূর্তের উন্মাদনা— কারণ যাই হোক না কেন, আইনের হাত থেকে রেহাই পেল না ঘাতক। আলিপুরদুয়ারের বীরপাড়ায় লোকবাহাদুর রাইকে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রতিবেশী পুনা ছেত্রীকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। সাজাপ্রাপ্তকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক। অনাদায়ে আরও ৬ মাসের অতিরিক্ত জেল খাটতে হবে তাকে।
ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ১১ এপ্রিল। বীরপাড়া থানার অন্তর্গত পাগলিখাস এলাকায় সেদিন সন্ধ্যায় নিজের বাড়ির উঠোনে স্ত্রী শমিতা রাইয়ের সঙ্গে গল্প করছিলেন লোকবাহাদুর। কিছুক্ষণ পর তিনি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌঁছাতেই হঠাৎ তাঁর আর্তচিৎকার শুনতে পান স্ত্রী। ছুটে গিয়ে শমিতাদেবী দেখেন, তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন। পাশেই ভোজালি হাতে দাঁড়িয়ে ছিল প্রতিবেশী পুনা ছেত্রী। শমিতাদেবীকে দেখেই ঘাতক সেখান থেকে চম্পট দেয়।
গুরুতর জখম অবস্থায় লোকবাহাদুরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ওই রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সরকারি আইনজীবী সুহৃদ মজুমদার জানান, এই মামলায় মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন। দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার আদালত পুনা ছেত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। যদিও খুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে এই রায়ে ন্যায়বিচার পেল নিহতের পরিবার।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!