আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কংগ্রেসের বিক্ষোভ : একাধিক দাবিতে সরব কর্মী-সমর্থকরা
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ২৯শে এপ্রিল ২০২৫ :-
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বেহাল দশা এবং একাধিক অব্যবস্থার প্রতিবাদে আজ হাসপাতালের মূল গেটের সামনে পথসভা করল আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কমিটি। আবর্জনা স্তূপ অবিলম্বে পরিষ্কার করা, বহির্বিভাগে ডাক্তারের নিয়মিত উপস্থিতি, আবর্জনা পরিস্কারে টেন্ডারে দুর্নীতির অভিযোগ, ডেথ ও বার্থ সার্টিফিকেট প্রদানে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা, জরুরি ভিত্তিতে ডায়ালিসিস ইউনিট চালু করা এবং হাসপাতাল চত্বরে উন্নত জল নিকাশি ব্যবস্থা তৈরির দাবিতে সরব হন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
এদিনের পথসভায় বক্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগের দৈনন্দিন সমস্যা তুলে ধরেন। তাঁরা অভিযোগ করেন, হাসপাতালের চত্বরে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ জমে থাকায় পরিবেশ দূষিত হচ্ছে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এছাড়াও, বহির্বিভাগে নিয়মিত ডাক্তার না থাকার কারণে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আবর্জনা পরিস্কারে টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন কংগ্রেস নেতৃত্ব।
পাশাপাশি, ডেথ ও বার্থ সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। বক্তারা অবিলম্বে ডায়ালিসিস ইউনিট চালু করার এবং হাসপাতাল চত্বরের জল নিকাশি ব্যবস্থার উন্নতির দাবি জানান, যাতে বর্ষাকালে জল জমার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
জেলা কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি আগামী কিছু দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের দাবিগুলির বিষয়ে কোনও পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিনের পথসভায় বহু কংগ্রেস কর্মী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।