স্প্রে করে দুঃসাহসিক চুরি জংশনে : ঘুমন্ত ভাই-বোনের ঘর থেকে উধাও মোবাইল ও সোনার গহনা | The 4th Column

আলিপুরদুয়ারে ফের দুঃসাহসিক চুরি, ঘুমন্ত ভাই-বোনের ঘর থেকে উধাও মোবাইল ও সোনার গয়না
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ২২শে এপ্রিল ২০২৫:-

— সিসিটিভি’তে ব্যাগ পিঠে এই আগন্তুকের ছবি উঠেছে

ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ার জংশনের ভোলারডাবরীর জমঠেক ক্লাব সংলগ্ন একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভোরবেলা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর ভেন্টিলেটরের ফাঁক দিয়ে সম্ভবত নেশাজাতীয় স্প্রে করে দেয়। সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন দুই ভাই-বোন। স্প্রের প্রভাবে তারা অচেতন ছিলেন বলে জানা গেছে। এই সুযোগে চোর ঘর থেকে দুটি মোবাইল ফোন, সোনার গয়না ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
বাড়ির সদস্য চিরদীপ পাল জানান, তাদের বাড়িতে তিনটি ঘর। একটি ঘরে তার দাদা ও বৌদি থাকেন। অন্য দুটি ঘরে তার ভাই-বোন এবং তাদের মা-বাবা ঘুমান। যে ঘরটিতে চুরি হয়েছে, সেখানে তার ভাই ও বোন ঘুমোচ্ছিলেন। পাশের ঘরটি ফাঁকা ছিল। চিরদীপবাবু আরও জানান, সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভাঙার পর তিনি দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। তখনই তিনি বুঝতে পারেন যে চুরি হয়েছে। ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসের পাশাপাশি তাদের ভাই-বোনের দুটি মোবাইল ফোনও চুরি যায়।
পরে, পরিবারের সদস্যরা প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সেখানে দেখা যায়, এক ব্যক্তি তাদেরই একটি ব্যাগ পিঠে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ির এক কোণে থাকা মন্দিরের পাশের ফাঁকা জায়গা দিয়ে চোর ভেতরে ঢুকেছিল।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলিপুরদুয়ার জংশন ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!