আলিপুরদুয়ারে নদীতে ভেসে এল সদ্যোজাত শিশু, চাঞ্চল্য
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৩০শে মার্চ ‘ ২০২৫:-

আজ, রবিবার বিকেলে আলিপুরদুয়ার জংশন এলাকার উত্তর জিৎপুর দরিয়া নদীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নদীতে স্নান করতে যাওয়া এক মহিলা জলে একটি সদ্যোজাত মৃত শিশুকে ভাসতে দেখেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল চারটে নাগাদ ওই মহিলা নদীতে স্নান করছিলেন। হঠাৎ তার নজরে আসে জলে ভাসমান একটি ছোট শিশু। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন শিশুটি মৃত। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং শিশুটিকে দেখতে পান।
এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে বহু মানুষ নদীর পাড়ে ভিড় করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীরা স্থানীয় পুলিশ ফাঁড়ি, আলিপুরদুয়ার জংশন থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত নবজাতক শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়ির ওসি সঞ্জীব বর্মন জানিয়েছেন, তারা ঘটনাস্থলে গিয়ে মৃত নবজাতককে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়েছেন। আগামীকাল শিশুটির ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি, এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই নবজাতক শিশুটি ভেসে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।