রায়ডাক থেকে অবৈধভাবে বালি-পাথর তোলার অভিযোগ, গাড়ি বাজেয়াপ্ত, গ্রেফতার চালক
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ফালাকাটা, ৪ নভেম্বর ২০২৬ :-

গভীর রাতে বিশেষ টহলদারির সময় নাকা তল্লাশিতে বালি-পাথর বোঝাই একটি বোলেরো পিকআপ আটক করল পুলিশ। রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ চেপানির দিক থেকে আসা ডব্লিউবি ৬৩ ৫১০৭ নম্বরের গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালক বালি-পাথর পরিবহণের বৈধ নথি দেখাতে পারেননি। ধৃতের নাম লক্ষ্মণ চন্দ্র পণ্ডিত, বয়স ২৪ বছর। তিনি কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার মাস্টারপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশের দাবি, ছিপড়ার ১ নম্বর রায়ডাক নদীর বুক থেকে অবৈধভাবে ওই বালি-পাথর সংগ্রহ করা হয়েছিল। এরপর বালি-পাথর বোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়। ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।