আলিপুরদুয়ার জেলা আদালতে নতুন অধ্যায়: দায়িত্ব নিলেন রমেশ কুমার প্রধান | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, 22 ফেব্রুয়ারি ২০২৬ :

আলিপুরদুয়ার জেলা আদালতে নতুন অধ্যায়: দায়িত্ব নিলেন রমেশ কুমার প্রধান
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা আদালতের বিচার বিভাগীয় প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটল। জেলার নতুন মুখ্য বিচারপতির (District & Sessions Judge) দায়িত্ব গ্রহণ করলেন মাননীয় রমেশ কুমার প্রধান। এতদিন কোচবিহারের দিনহাটায় মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার আলিপুরদুয়ারের বিচার ব্যবস্থার শীর্ষপদে আসীন হলেন তিনি।
উল্লেখ্য, আলিপুরদুয়ার পৃথক বিচার বিভাগীয় জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই এই গুরুদায়িত্ব সামলেছেন মাননীয় বিভূতি খসং। ২০২৩ সালে তিনি জেলার প্রথম মুখ্য বিচারক হিসেবে কাজে যোগ দেন। তাঁর সময়কালেই আলিপুরদুয়ার জেলা আদালতের পরিকাঠামোগত অনেক উন্নতি সাধিত হয়েছে। এবার তিনি এক নতুন ও বৃহত্তর দায়িত্বে পা রাখতে চলেছেন। কলকাতা হাইকোর্টের রেজিস্টার পদে ‘চিফ এক্সিকিউটিভ ও জুডিশিয়াল অফিসার’ হিসেবে বদলি করা হয়েছে তাঁকে।
আদালত সূত্রে খবর, বিদায়ী বিচারক বিভূতি খসংয়ের দীর্ঘ অভিজ্ঞতাকে হাইকোর্টের প্রশাসনিক কাজে ব্যবহার করতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, রমেশ কুমার প্রধানের মতো দক্ষ বিচারক আলিপুরদুয়ারে আসায় বিচার প্রক্রিয়ায় গতি আসবে বলে আশাবাদী আইনজীবী মহল। এই রদবদল বিচার বিভাগের স্বাভাবিক প্রক্রিয়া হলেও, আলিপুরদুয়ারের মতো নবীন জেলার জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!