অভিনব কায়দায় গোরু চুরি, আতঙ্কিত আলিপুরদুয়ারের দুই গ্রাম
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৮ই এপ্রিল:
অভিনব কায়দায় গোরু চুরির ঘটনা সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের দুটি গ্রামে। রবিবার গভীর রাতে চাপড়েরপাড় এক ও দুই গ্রাম পঞ্চায়েতের জোড়াপাকড়ি ও পশ্চিম চকিরবস গ্রামে দুষ্কৃতীরা একই কায়দায় আটটি গোরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা গভীর রাতে গ্রামের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখে। এরপর সুযোগ বুঝে আশপাশের বাসিন্দাদের গোয়ালঘর থেকে গোরু চুরি করে দ্রুত গাড়িতে তুলে চম্পট দেয়। রবিবার রাতে জোড়াপাকড়ি ও পশ্চিম চকিরবস গ্রামে একই পদ্ধতিতে আটটি গোরু চুরি হওয়ার পর এলাকার মানুষজনের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এই ঘটনার আগে, সম্প্রতি একই ব্লকের মাঝেরডাবরী গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পানিয়ালগুড়ি গ্রামেও গোরু চুরির ঘটনা ঘটেছিল। একের পর এক গোরু চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা এখন নিজেদের গবাদি পশুদের নিরাপত্তা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন। রাতের অন্ধকারে কখন কার গোয়ালঘর থেকে গোরু চুরি হয়ে যায়, সেই আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।
জোড়াপাকড়ির এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুকভাবে জানান, “রাতে সামান্য শব্দ পেলেই এখন ভয় লাগে। কখন না জানি এসে আমাদের গোরুগুলো চুরি করে নিয়ে যায়।” পশ্চিম চকিরবসের আরেকজন বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, “পুলিশের টহলদারি আরও বাড়ানো উচিত। এভাবে একের পর এক চুরি হলে আমরা নিঃস্ব হয়ে যাব।”
এই বিষয়ে আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি জানিয়েছেন, “গোরু চুরির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। রাতে গ্রামীণ এলাকায় টহলদারি বাড়ানো হবে।” তবে স্থানীয় বাসিন্দারা পুলিশের আশ্বাসে কতটা ভরসা রাখতে পারছেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। লাগাতার গোরু চুরির ঘটনায় গ্রামবাসীরা এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন। তারা চান, পুলিশ অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনুক।