সঙ্গীর খোঁজে কি অসমের পথে বক্সার বাঘিনী? নভেম্বরেই হয়তো আসছে দ্বিতীয় বাঘ। ততদিন কি বক্সায় থাকবেন ডোরাকাটা সুন্দরী?
নিজস্ব প্রতিনিধি, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৪ অক্টোবর ২০২৬ :-

বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে উত্তরবঙ্গের বক্সায় আনা বাঘিনীকে ঘিরে এখন এমনই কৌতূহল। বনদপ্তর সূত্রের খবর, মুক্ত জঙ্গলে বিচরণের পর প্রায় তিন সপ্তাহে ৩৯০ বর্গ কিমি এলাকা ঘুরেছে রেডিয়ো কলার পরানো বাঘিনীটি। ক্রমশ পূর্বদিকে এগিয়ে তার গতিবিধি পৌঁছেছে সঙ্কোশ নদী পাড়ে, (যার পূব পাশে অসমের রায়মোনা জঙ্গল) সংলগ্ন এলাকায়।
তবে রায়মোনার জঙ্গলে বাঘিনীর উপস্থিতির প্রামাণ্য ছবি এখনও মেলেনি বলে জানিয়েছেন অসমের সংশ্লিষ্ট বনকর্তা। পশ্চিমবঙ্গ বনদপ্তরের বক্তব্য, বাঘিনীটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং বক্সা ও সংলগ্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তার গতিবিধিতে নজর রাখা হচ্ছে।
এই যাত্রা কি সত্যিই পুরুষ সঙ্গীর খোঁজে? সেই সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও কারণটি নিশ্চিত নয়। বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণকে এখনই নির্দিষ্ট ব্যাখ্যায় বেঁধে ফেলার সুযোগ নেই।
এদিকে, বক্সায় বাঘ পুনঃপ্রবর্তন প্রকল্পের পরবর্তী ধাপে নভেম্বরের প্রথম সপ্তাহে একটি পুরুষ বাঘ আনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে খবর। এরপর আরও একটি বাঘিনী আনার ভাবনাও রয়েছে। লক্ষ্য, বক্সায় বাঘের পরবর্তী প্রজন্ম গড়ে তোলা।
বক্সা, অসম ও ভুটানের সংযুক্ত বনাঞ্চল বাঘের চলাচলের পথ হিসেবেও পরিচিত। ফলে রাজ্যের সীমানা পেরোনোর সম্ভাবনা থাকলেও সেটিকে স্থায়ীভাবে বক্সা ছেড়ে যাওয়া বলা যাচ্ছে না।
নতুন সঙ্গী আসার আগেই কি আরও পূর্বদিকে এগোবে ডোরাকাটা সুন্দরী? আপাতত উত্তর লুকিয়ে তার আগামী গতিবিধিতেই।
The 4th Column | যেটা সত্য সেটাই খবর
#BuxaTigerReserve #TigerConservation #The4thColumn