নোনাই নদীর করাল গ্রাসে বাবার করুণ পরিণতি, শোকের ছায়া আলিপুরদুয়ারে | The 4th Column

নোনাই নদীর করাল গ্রাসে বাবার করুণ পরিণতি, শোকের ছায়া আলিপুরদুয়ারে
জারুল রাভা, দ্য ফোর্থ কলাম , আলিপুরদুয়ার , ৩০ জুন ২০২৬ :-

— পড়ে আছে নিথর দেহ! মেয়েদের সঙ্গে আর দেখা হলো না টিঙ্কুর

আলিপুরদুয়ারের মাঝেরডাবরী এলাকায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পেশায় ঢালাই মিস্ত্রি ত্রিশোর্ধ্ব টিংকু দেবনাথ নিজের দুই কন্যা সন্তানের জন্য প্রিয় খাবার নিয়ে সাইকেল কাঁধে করে পার হচ্ছিলেন উত্তাল নোনাই নদী। ভালোবাসার টানে স্ত্রীর চলে যাওয়ার পর দুই মেয়ে এখন মামাবাড়িতেই থাকে। ভোরে মেয়েদের হাতে খাবার পৌঁছে দেবেন, জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়েই ঘটে গেল চরম বিপর্যয়।
​আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ স্থানীয়রা বারংবার বারণ করা সত্ত্বেও, মেয়েদের মুখে হাসি ফোটাতে টিংকু সাইকেল কাঁধে নিয়ে রুদ্রমূর্তি ধারণ করা নদীতে নেমে পড়েন। কিন্তু নোনাইয়ের চোরা স্রোতের তীব্রতা ছিল প্রবল। উপস্থিত মানুষদের চোখের সামনেই টিংকু জলের তোড়ে ভেসে যান। দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশির পর দুপুর বারোটা নাগাদ নদীর জল থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
​এই খবর ছড়িয়ে পড়তেই মাঝেরডাবরী এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যেন এক নিমেষেই সব স্তব্ধ হয়ে গেছে। টিংকুর দুই কন্যা, যাদের বয়স দশ ও তেরো, তারা যেন পাথর হয়ে গেছে। তারা সম্ভবত জেনে গেছে , মা আগেই হারিয়ে গিয়েছেন চোরাপথে, আজ বাবাও হারিয়ে গেলেন চোরা স্রোতের বাঁকে । আর ফিরবেন না বাবা। চলে গেলেন চিরতরে। এমন করুণ পরিণতি এলাকাবাসীকে কাঁদিয়ে তুলেছে। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। মাঝেরডাবরীতে এখন শ্মশানের স্তব্ধতা ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!