রচিতা চক্রবর্তী, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১১ মে ২০২৬:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা এবং বাড়িতে চড়াও হয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। ধৃতের নাম যাহিদুল মিয়া (৩২) ( নাম পরিবর্তিত)। সে আলিপুরদুয়ারের চেংপাড়ার বাসিন্দা।
সূত্রের খবর, পূর্ব বড়ো চৌকী এলাকার এক মহিলার সঙ্গে কাজের সূত্রে পরিচয় হয়েছিল যাহিদুলের। সেখান থেকেই গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। অভিযোগ, যাহিদুল ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু পরবর্তীতে ওই মহিলা জানতে পারেন যে যাহিদুল আসলে বিবাহিত এবং নিজের প্রকৃত পরিচয় গোপন করেছিল। সত্য জানতে পেরে ওই মহিলা যাহিদুলের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
অভিযোগ, যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর থেকেই অভিযুক্ত যুবক ওই মহিলাকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করে। গত ১০ এপ্রিল সন্ধ্যায় যাহিদুল তার দলবল নিয়ে আচমকা ওই মহিলার বাড়িতে চড়াও হয়। অভিযোগ করা হয়েছে যে, তাঁকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালানো হয়। মহিলার চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা ছুটে এসে যাহিদুলকে হাতেনাতে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ৩৩২(b), ৬৪ এবং ৬২ ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।