গোপালপুর চা বাগানে তরুণী পরিচারিকাকে অশ্লীল নির্যাতনের অভিযোগে প্রবীণ চিকিৎসককে উত্তম-মধ্যম জনতার
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, বীরপাড়া, ২৮ মার্চ ‘ ২০২৫ :-

বছর বাইশের এক তরুণী পরিচারিকাকে অশ্লীল নির্যাতনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার অন্তর্গত গোপালপুর চা বাগান। শুক্রবার উত্তেজিত জনতা বাগান হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসককে উত্তম-মধ্যম দেয়। সূত্রের খবর, অভিযুক্ত চিকিৎসকের বয়স ৭০ বছরেরও বেশি।
চা বাগান সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই তরুণী পরিচারিকা অভিযোগ করেন যে চিকিৎসক তাকে অশ্লীলভাবে নির্যাতন করেছেন। এই ঘটনার জেরে শুক্রবার চা বাগান শ্রমিক সংগঠন অফিসে অভিযুক্ত চিকিৎসক, নির্যাতিতা এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল। বৈঠকের আগেই চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং হাসপাতালের সামনে চড়াও হন। উত্তেজিত জনতা অভিযুক্ত চিকিৎসককে ধরে মারধর শুরু করে।
খবর পেয়ে বীরপাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত চিকিৎসককে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করে।
তবে অভিযুক্ত চিকিৎসক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এই বিষয়ে বীরপাড়া থানার ওসি নয়ন দাস শুক্রবার রাত আটটা নাগাদ জানান, “এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনায় চা বাগান এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। শ্রমিক মহল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বাগান কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।