নিজস্ব প্রতিবেদক, দ্যা ফোর্থ কলাম,বীরপাড়া, ১০ মে ২০২৬:

সামান্য হাসি-ঠাট্টা যে এমন নৃশংস রূপ নিতে পারে, তা কল্পনাও করতে পারেনি বীরপাড়ার বান্দাপানি চা বাগানের বাসিন্দারা। স্ত্রীর সঙ্গে ঠাট্টা-তামাশা করার ‘অপরাধে’ নিজের ভায়রাভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বান্দাপানি চা বাগানের নেপালি লাইন এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বিমল মাহানি (৪০)। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তির নাম টিমান মুন্ডা ( নাম পরিবর্তিত)। সম্পর্কে বিমল মাহানি ছিলেন বিমানের স্ত্রীর পাড়াতুতো জামাইবাবু। আত্মীয়তার সুবাদে বিমল প্রায়শই শ্যালিকার সঙ্গে নানা রকম মজা বা ইয়ার্কি করতেন। কিন্তু বিষয়টি কোনোভাবেই পছন্দ ছিল না বিমানের। এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরেই তিক্ততা এবং বিবাদ চলছিল।
গত শনিবার রাত ৮টা নাগাদ সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। অভিযোগ উঠেছে, উত্তেজিত হয়ে টিমান মুন্ডা প্রথমে বিমলকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন। এরপর বাঁশ ও লোহার রড দিয়ে বিমলের ওপর নির্বিচারে চড়াও হন। নৃশংস মারধরের চোটে ঘটনাস্থলেই জ্ঞান হারান বিমল এবং সেখানেই তার মৃত্যু হয়।
বিমল মাহানির স্ত্রীর অভিযোগ, এই খুনের পরিকল্পনা ও বাস্তবায়নে শুধু টিমান একা নন, তার স্ত্রী টোমল নাগ মুন্ডাও ( নাম পরিবর্তিত) সমানভাবে জড়িত ছিলেন। ঘটনার পর বীরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। অভিযোগের গুরুত্ব বুঝে রবিবার সকালেই পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১০৩(১) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশে মূল অভিযুক্ত টিমান মুন্ডাকে ৫ দিনের পুলিশি হেফাজত এবং টোমল নাগ মুন্ডাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই বিমল মাহানির দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। তুচ্ছ পারিবারিক বিষয় থেকে এমন রক্তক্ষয়ী ঘটনায় পুরো চা বাগান এলাকায় এখন শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।