T4C 100 | খবর বিশদে
বিবাহবার্ষিকীর দিনেই পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতির, শোকস্তব্ধ জটেশ্বর
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২৭ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ারের বীরপাড়া সংলগ্ন ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো জটেশ্বরের সাহাপাড়ার বাসিন্দা বিশাল সাহা ও তাঁর স্ত্রী বর্ষা সাহার। বৃহস্পতিবার ছিল তাঁদের বিবাহবার্ষিকী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় আটটা নাগাদ মোটরবাইকে এথেলবাড়ি থেকে বীরপাড়ার দিকে যাচ্ছিলেন তাঁরা। একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে স্থানীয়দের দাবি।
দুজনকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে বিশালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে মৃত্যু হয় বর্ষারও।
পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। শুক্রবার দেহ দুটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর কথা। দম্পতির মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমেছে শোকের ছায়া।