বীরপাড়ায় পরপর স্বর্ণালঙ্কার চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা; পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী কল্যাণ সমিতি | The 4th Column

বীরপাড়ায় পরপর স্বর্ণালঙ্কার চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা; পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী কল্যাণ সমিতি
​নিজস্ব প্রতিবেদক,আলিপুরদুয়ার (বীরপাড়া), ২৩শে নভেম্বর:

বীরপাড়া এলাকায় পরপর স্বর্ণালঙ্কার চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ সোমবার (২৩/১১/২৬) ‘বীরপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি’র পক্ষ থেকে আলিপুরদুয়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিক (Inspector In Charge)-এর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
​স্মারকলিপিতে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে ‘বাবা লোকনাথ জুয়েলার্স’-এর দেওয়াল ভেঙে মালামাল লুট এবং ‘জয় মা সন্তোষী মা জুয়েলার্স’-এ চুরির রেশ কাটতে না কাটতেই গত ১৯শে নভেম্বর (১৯/১১/২৬) রাতে ফের ‘বাসন্তী জুয়েলার্স’ থেকে সোনা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এলাকার ব্যবসায়ীদের মনোবল ভেঙে পড়েছে এবং তাঁরা জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।
​সমিতির সাধারণ সম্পাদক পার্থ প্রতীম রায় স্বাক্ষরিত এই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই বিষয়ে ইতিপূর্বে পুলিশের সাথে দু-একবার সাক্ষাৎ ও আলোচনা হলেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। তাই অবিলম্বে পুলিশ প্রশাসন যদি কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ না করে, তবে অদূর ভবিষ্যতে ‘বীরপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি’ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। প্রয়োজনে দোকানপাট বন্ধ রেখে বা রাজপথে নেমেও প্রতিবাদ জানানো হতে পারে বলে আগাম হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!