নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ মার্চ ২০২৬ :

আলিপুরদুয়ার, ২৭ মার্চ ২০২৬: লোকালয়ে চলে আসা একটি জখম পূর্ণবয়স্ক পুরুষ বার্কিং ডিয়ারকে (মায়া হরিণ) উদ্ধার করল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। শুক্রবার আলিপুরদুয়ারের বনচুকামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফোসকা ডাঙা এলাকায় এই ঘটনাটি ঘটে। হরিণটি বর্তমানে বনদপ্তরের বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ফোসকা ডাঙা এলাকার বাসিন্দা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মদন রায়ের বাড়িতে আচমকাই একটি হরিণ ঢুকে পড়ে। হরিণটি জখম অবস্থায় ছিল এবং রীতিমতো আতঙ্কিত দেখাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ওই বিজেপি নেতা কালক্ষেপ না করে তৎক্ষণাৎ বনদপ্তরে খবর দেন। খবর পাওয়া মাত্রই বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন।
বনদপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া প্রাণীটি একটি পূর্ণবয়স্ক পুরুষ বার্কিং ডিয়ার। উদ্ধারের পর সেটিকে দ্রুত রাজাভাতখাওয়ায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গিয়েছে, হরিণটির পায়ে চোট রয়েছে, যার ফলে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। জখম অবস্থায় তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া নিরাপদ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কুমার বিমল এই বিষয়ে জানান, “হরিণটির পায়ে আঘাত থাকায় তাকে এখনই প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। বর্তমানে সেটিকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বার্কিং ডিয়ারটিকে জঙ্গলে ফেরানোর ঝুঁকি নেওয়া হবে না।” বন্যপ্রাণীটি কীভাবে জখম হলো বা লোকালয়ে কীভাবে চলে এল, তা খতিয়ে দেখছেন বনকর্মীরা। বর্তমানে রাজাভাতখাওয়ার পুনর্বাসন কেন্দ্রে প্রাণীটির চিকিৎসা চলছে।