সিডাব্লিউসির উদ্যোগে অনাথ শিশুদের মুখেভাত : এক ভিন্নধর্মী অন্নপ্রাশন | The 4th Column

সিডাব্লিউসির উদ্যোগে অনাথ শিশুদের মুখেভাত, এক ভিন্নধর্মী অন্নপ্রাশন
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ :-

— প্রতীকী ছবি

সাধারণত পারিবারিক গণ্ডির মধ্যে অন্নপ্রাশন অনুষ্ঠিত হলেও, বুধবার আলিপুরদুয়ারে এক ভিন্নধর্মী মুখেভাতের সাক্ষী থাকল শহরবাসী। জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডাব্লিউসি) উদ্যোগে দুই শিশুকন্যা ও তিন শিশুপুত্রের মুখেভাত অনুষ্ঠান সম্পন্ন হলো। এই পাঁচ শিশু জন্মের পর থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে রয়েছে।
দেবীর তৃতীয়ার পুণ্য লগ্নে আয়োজিত এই অনুষ্ঠানে রীতি মেনে শিশুদের সামনে রাখা হয় কলম, গঙ্গা মাটি, ধান ও রূপোর টাকা। শিশুদের নতুন পোশাকে সাজানো হয়েছিল—শিশুপুত্রদের পরানো হয় টোপর এবং শিশুকন্যাদের লাল চেলি। পুরোহিত তরুণ গঙ্গোপাধ্যায় মন্ত্রপাঠ ও উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি জানান, “আমার পুরোহিত জীবনে বহু অন্নপ্রাশন করেছি, কিন্তু আজকের অনুভূতিটা একদমই অন্যরকম। মনে হয় জীবনে একটা পুণ্যের কাজ সারতে পারলাম।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়, জেলা সিডাব্লিউসির চেয়ারম্যান অসীম বোস এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। জেলা সিডাব্লিউসির চেয়ারম্যান জানান, জেলা শাসকের নির্দেশ মেনে এই অনুষ্ঠানটি করা হয়েছে। মহকুমা শাসক দেবব্রত রায় বলেন, “এখন আমাদের দায়িত্ব হলো ওদের একটি সঠিক ঠিকানা খুঁজে দেওয়া। যদি কোনো নিঃসন্তান দম্পতি আবেদন করেন, তবে সরকারি নিয়ম মেনে আমরা ওদের নতুন ঠিকানায় পৌঁছে দেব।”
প্রথমবারের মতো দুধের বদলে মিষ্টান্নের স্বাদ পেয়ে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো, যা তাদের চাহনিতেই ফুটে উঠেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!