T4C 100 | খবর বিশদে
মেন্দাবাড়িতে ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষ, ঘটনাস্থলেই চালকের মৃত্যু
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২৮ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ার জেলার কালচিনি থানার মেন্দাবাড়ি সংলগ্ন ৩১ নম্বর সড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত্যু হলো অ্যাম্বুলেন্সচালকের। শনিবার দুপুর ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রোগী নিয়ে মাদারিহাট থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। উল্টোদিক থেকে গুয়াহাটি থেকে বীরপাড়ার দিকে যাচ্ছিল ট্রাকটি। প্রথমে অ্যাম্বুলেন্সের সামনে থাকা একটি কন্টেনারকে ধাক্কা মারে ট্রাক। এরপর অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালকের মৃত্যু হয়। সূত্রের খবর, অ্যাম্বুলেন্সে থাকা অন্য যাত্রীদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের সংখ্যা ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও মেলেনি।