মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনা আলিপুরদুয়ারে: গাছের সাথে সংঘর্ষে প্রাণ হারাল ৩ যুবক, শোকস্তব্ধ শহর

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ৩ ফেব্রুয়ারি ২০২৬ : সোমবার গভীর রাতে আলিপুরদুয়ার শহর সংলগ্ন ৩১ নম্বর জাতীয় মহাসড়কের পুটিমারি এলাকায় এক অত্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে তিনটে নাগাদ একটি চারচাকা গাড়ি বারোবিসার দিকে যাচ্ছিল। পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থিব ঘোষ (২৪) ও অভিজিৎ দাস (২৪)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় দীপ দাসের (২৩)।
এর সঙ্গে বিনয় পাল চৌধুরী (২৩),ভোলারডাবরী এলাকার বাসিন্দা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কোচবিহারে স্থানান্তর করা হয়েছে। মৃত যুবকরা আলিপুরদুয়ারের বিবেকানন্দ ক্লাব, রাজাভাতখাওয়া এবং পশ্চিম জিতপুর এলাকার বাসিন্দা।
একই সঙ্গে তিন যুবকের অকাল প্রয়াণে গোটা আলিপুরদুয়ার শহর শোকস্তব্ধ হয়ে পড়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
— ব্যুরো রিপোর্ট দ্য ফোর্থ কলাম