নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ এপ্রিল মার্চ ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: রাজনৈতিক সমাবেশের ভিড় আর কোলাহলের মাঝে নিভে গেল এক দরিদ্র মায়ের স্বপ্ন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এসে নিজের সর্বস্ব খোয়ালেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের দেওগাঁর বাসিন্দা জোৎস্না বেগম। পেশায় খেত মজুর এই মহিলার অপরাধ ছিল একটাই—তৃণমূলের আহ্বানে সাড়া দিয়ে সভায় যোগ দেওয়া এবং সঙ্গে থাকা সামান্য কিছু পুঁজি হারানো।
বুধবার ফালাকাটার মিল রোডের সভাস্থলে যখন সাজসাজ রব, তখন ভিড়ের সুযোগ নিয়ে জোৎস্না বিবির ব্যাগ থেকে সাফ হয়ে যায় তিলে তিলে জমানো ১ হাজার টাকা। কান্নায় ভেঙে পড়া জোৎস্না জানান, এই টাকা তিনি একদিনে জমাননি। রোদ-জল উপেক্ষা করে খেতে কাজ করে টাকাটা জমিয়েছিলেন তাঁর দশম শ্রেণির পড়ুয়া ছেলের জন্য নতুন বই কিনবেন বলে। ভেবেছিলেন, সভা শেষ করে শহর থেকে বই কিনে তবেই গ্রামে ফিরবেন। কিন্তু জনসভার শেষে ব্যাগের চেইন খোলা দেখে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে।
হতভাগ্য ওই মহিলার অভিযোগ আরও মর্মান্তিক। তিনি জানান, টাকা হারানোর পর তিনি কর্তব্যরত পুলিশ কর্মী এবং স্থানীয় দলীয় নেতাদের কাছে সাহায্যের জন্য ছুটে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কেউই তাঁর আর্তনাদে কর্ণপাত করেননি। এমনকি বাড়ি ফেরার জন্য ন্যুনতম বাস ভাড়াও ছিল না তাঁর কাছে। সভাস্থলে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে তিনি বলেন, “আমি গরিব মানুষ। অনেক কষ্টে ছেলের পড়ার জন্য টাকাটা জমিয়েছিলাম। এখন কীভাবে বাড়ি ফিরব, আর কীভাবে ছেলের হাতে বই তুলে দেব, জানি না।” এক জননেতাকে দেখতে এসে একজন শ্রমজীবী মায়ের এমন নিঃস্ব হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।