দমদম বিমানবন্দরে আতঙ্ক: শিলংগামী বিমানের শৌচালয়ে বোমা-হুমকির চিরকুট, তড়িঘড়ি উচ্ছেদ যাত্রীদের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ :

দমদম বিমানবন্দরে আতঙ্ক: শিলংগামী বিমানের শৌচালয়ে বোমা-হুমকির চিরকুট, তড়িঘড়ি উচ্ছেদ যাত্রীদের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল একটি বোমা-হুমকিকে কেন্দ্র করে। শিলংগামী ইন্ডিগো উড়ানের শৌচালয় থেকে একটি চিরকুট উদ্ধার হয়, যাতে বিমান ও বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা কর্মীরা তড়িঘড়ি বিমানটি খালি করে তল্লাশি শুরু করেন।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে উড়ানটি শিলংয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। বোর্ডিং প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ছিল, ঠিক সেই সময় বিমানের এক কর্মী শৌচালয়ে একটি সন্দেহভাজন কাগজ দেখতে পান। তাতে লেখা ছিল— “বিমানে বোমা রাখা হয়েছে, গোটা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে।” মুহূর্তের মধ্যে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সমস্ত যাত্রীদের দ্রুত নামিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয় এবং বিমানটিকে আলাদা একটি আইসোলেশন বে-তে নিয়ে আসা হয়।
সিআইএসএফ (CISF)-এর বম্ব স্কোয়াড এবং দমকল কর্মীরা দীর্ঘক্ষণ তন্নতন্ন করে তল্লাশি চালান। যদিও প্রাথমিক অনুসন্ধানে বিমানে কোনও বিস্ফোরক মেলেনি, তবুও নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘক্ষণ তল্লাশি জারি রাখা হয়। কে বা কারা ওই চিরকুট সেখানে রেখে গেল, তা জানতে বিমানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বিভিন্ন বিমানে বারবার এই ধরণের ভুয়ো হুমকির জেরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!