যানজট এড়াতে আকাশে উড়বে ট্যাক্সি! গুরুগ্রাম ও নয়ডায় শুরু হচ্ছে বিশেষ করিডর | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ :

যানজট এড়াতে আকাশে উড়বে ট্যাক্সি! গুরুগ্রাম ও নয়ডায় শুরু হচ্ছে বিশেষ করিডর
নিজস্ব সংবাদদাতা: মুম্বই বা দিল্লির মতো ব্যস্ততম মেট্রো শহরগুলিতে ট্রাফিক জ্যাম এখন নিত্যদিনের সমস্যা। এই সমস্যা সমাধানে এবার প্রযুক্তিগতভাবে বৈপ্লবিক পদক্ষেপ নিতে চলেছে ভারত। সিআইআই-এর (কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গুরুগ্রাম, কনট প্লেস এবং নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সংযোগকারী ‘পাইলট করিডর’ চালুর পরিকল্পনা করা হয়েছে। এই পরিষেবা চালু হলে হাসপাতাল, মেট্রো স্টেশন এবং শিল্পনগরীগুলির মধ্যে যাতায়াত অত্যন্ত সহজ ও দ্রুত হবে।
রুফটপ থেকেই শুরু হবে যাত্রা:
এই বিশেষ পরিষেবার জন্য বড় ভবনের ছাদ বা রুফটপ ব্যবহার করা হবে। এয়ারপোর্টের মতোই এই ছাদগুলি থেকে যাত্রীদের ওঠা-নামা এবং ট্যাক্সি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। ফলে উঁচু বাণিজ্যিক ভবন বা হাসপাতালের ছাদ থেকেই সরাসরি গন্তব্যের উদ্দেশ্যে ওড়া সম্ভব হবে।
অত্যাধুনিক ইভিটিওএল (eVTOL) প্রযুক্তি:
এয়ার ট্যাক্সির প্রধান বিশেষত্ব হলো এগুলি ইলেকট্রিক্যাল ভার্টিকল টেক অফ এবং ল্যান্ডিং (eVTOL) প্রযুক্তিতে চলে। অর্থাৎ, হেলিকপ্টারের মতো খাড়াভাবে ওঠানামা করতে সক্ষম এই বৈদ্যুতিক যানগুলি পরিবেশবান্ধবও বটে। বাণিজ্যিক বিমান চলাচলের মতো এই পরিষেবাও কড়া নজরদারির আওতায় থাকবে এবং এর জন্য একটি পৃথক নিয়ামক সংস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!