নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ :

ভারতের তথ্যপ্রযুক্তি (IT) পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়ে তৈরি হওয়া আশঙ্কার মেঘ কাটাতে বড় তথ্য দিল ন্যাসকম। সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে, এআই কখনোই মানুষের বিকল্প হয়ে উঠতে পারে না; বরং এটি প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে কাজ করবে।
ন্যাসকমের মতে, Anthropic-এর Claude Cowork-এর মতো উন্নত এআই টুল বাজারে এলেও তা ভারতীয় টেক পরিষেবাকে হঠিয়ে দিতে পারবে না। কারণ, এই টুলগুলি আইন, মার্কেটিং বা ডেটা অ্যানালিসিসের মতো কিছু কাজ স্বয়ংক্রিয় করতে পারলেও, জটিল প্রযুক্তিগত পরিবেশে এগুলি একা কার্যকর নয়। ভারতীয় আইটি কোম্পানিগুলিই হবে বিশ্বজুড়ে বড় বড় প্রতিষ্ঠানে এআই প্রয়োগের প্রধান অংশীদার।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, কোম্পানিগুলি ব্যবসার প্রয়োজন অনুযায়ী এমন এআই সমাধান বা ‘সলিউশন’ তৈরি করতে দক্ষ, যা বিনিয়োগের স্পষ্ট সুফল দেয়। অর্থাৎ, এআই প্রযুক্তিকে পাশ কাটিয়ে নয়, বরং ভারতীয় মেধা ও প্রযুক্তি পরিষেবা খাতকে সঙ্গী করেই আগামীর ডিজিটাল বিপ্লব সফল হবে। ভারতীয় আইটি সংস্থাগুলির ওপর বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলির ভরসা কমবে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।