গ্লোবাল সাউথে ঐতিহাসিক ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’: নয়াদিল্লিতে বিশ্বনেতাদের মেলা | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ :

গ্লোবাল সাউথে ঐতিহাসিক ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’: নয়াদিল্লিতে বিশ্বনেতাদের মেলা
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম: ২০২৬ সালের ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক আয়োজন— ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ (India AI Summit)। বিদেশ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এই শীর্ষ সম্মেলনটি গ্লোবাল সাউথে আয়োজিত প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন হতে চলেছে, যা বিশ্বজুড়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
পাঁচ দিনব্যাপী এই মেগা ইভেন্টটি নীতি নির্ধারণ, গবেষণা, শিল্পক্ষেত্র এবং জনসম্পৃক্ততা—এই চারটি স্তম্ভকে কেন্দ্র করে সাজানো হয়েছে। সম্মেলনের মূল আলোচ্যসূচিতে বিশেষ গুরুত্ব পাবে গভর্ন্যান্স, ইনোভেশন এবং টেকসই উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার। ভারত তার এআই দৃষ্টিভঙ্গি তিনটি মূল সূত্রের উপর ভিত্তি করে তুলে ধরবে— পিপল (মানুষ), প্ল্যানেট (পরিবেশ) এবং প্রোগ্রেস (প্রগতি)।
৭০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো’-তে ৩০টি দেশের ৩০০-র বেশি প্রদর্শক অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ১০টি থিম্যাটিক প্যাভিলিয়নে গবেষণা, পাইলট প্রকল্প এবং বৃহৎ পরিসরের বাস্তব প্রয়োগে এআইয়ের অগ্রগতি তুলে ধরা হবে। এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র আমন্ত্রণে একাধিক দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির কথা জানানো হয়েছে। তালিকায় রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দা সিলভা, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়াকা-সহ আরও বহু রাষ্ট্রনেতা। এছাড়া ৪৫টিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানানো হয়েছে।
সামাজিক ন্যায় ও পরিবেশগত ভারসাম্যের হাতিয়ার হিসেবে এআই-কে প্রতিষ্ঠা করা এবং গ্লোবাল সাউথের দেশগুলিকে এক মঞ্চে এনে সহযোগিতা জোরদার করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। এআইয়ের ন্যায়সংগত ও দায়িত্বশীল ব্যবহারে একটি নীতিগত কাঠামো গড়ে তোলার লক্ষ্যও এই সম্মেলনের মাধ্যমে পূরণ হবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!