নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ :

বার্ধক্যজনিত অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ রাজনীতিববিদ তথা এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) প্রধান শরদ পাওয়ার। সোমবার বারামতির বাড়ি থেকে তাঁকে পুণের রুবি হল ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ কয়েক দিন ধরেই কাশি, সর্দি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ৮৫ বছর বয়সি এই প্রবীণ জননেতা। তাঁর অসুস্থতার খবর জানাজানি হতেই উদ্বেগ ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে।
রুবি হল ক্লিনিকের প্রধান কার্ডিয়োলজিস্ট ড. পারভেজ গ্র্যান্ট জানিয়েছেন, শরদ পাওয়ারকে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসার পথ নির্ধারণ করা হবে। নব্বইয়ের দশকে ওরাল ক্যানসারের মতো মারণ রোগের বিরুদ্ধে জয়ী হওয়া এই নেতা দীর্ঘ ছয় দশক ধরে সক্রিয় রাজনীতিতে রয়েছেন। বারবার অসুস্থতাকে জয় করে ফিরে আসাই তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য। তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশজুড়ে প্রার্থনা করছেন দলের কর্মী-সমর্থকরা।