ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা: দড়ি ছিঁড়ে ৩৫ মিটার নিচে পড়লেন পর্যটক
নিউজডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৫ নভেম্বর ২০২৫ :-
অ্যাডভেঞ্চারপ্রেমীদের পছন্দের গন্তব্য ঋষিকেশের একটি স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিংয়ের সময় ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। গত ১২ নভেম্বর, বুধবার, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে অন্তত ৩৫ মিটার নিচে আছড়ে পড়লেন গুরুগ্রামের বাসিন্দা এক তরুণ পর্যটক।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আহত তরুণের নাম সোনু কুমার। গুরুতর জখম অবস্থায় তাঁকে এইমস (AIIMS) ঋষিকেশে ভর্তি করা হয়েছে। তাঁর বুকে আঘাত লেগেছিল, তবে বর্তমানে তিনি বিপদমুক্ত। দুর্ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দড়ি ছিঁড়ে যাওয়ার দৃশ্য এবং টিনের শিটের উপর যন্ত্রণায় কাতরাতে থাকা তরুণকে দেখা যাচ্ছে।
তদন্তের নির্দেশ:
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এই দুর্ঘটনার জন্য পার্ক কর্তৃপক্ষের গাফিলতি দায়ী। উত্তরাখণ্ড পুলিশ একটি টেকনিক্যাল টিমের মাধ্যমে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তেহরি গাড়োয়ালের জেলাশাসক ইতিমধ্যেই ওই অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সেখানে সেফটি অডিট করার কথাও বলা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।