নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ অক্টোবর ২০২৪ :-

শেষ অবধি কি বরফ গলতে চলেছে? শনিবার ফোনের মাধ্যমে অনশনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দজ দফা দাবির ভিত্তিতে অনশনে বসেছেন জুনিয়র ডক্টররা। সূত্রের খবর, সেই দাবি পূরণে তিন চার মাস সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আন্দোলনরত চিকিৎসকদের তিনি অনুরোধ করেন অনশন তুলে নিতে। আর কী বললেন ফোনালাপ ফোন বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী ?
আরজিকর কান্ডকে ঘিরে যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এখনো প্রভাব রয়েছে চারিদিকে। একদিকে আরজিকর হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের খুন ও ধর্ষণ মামলার শুনানি চলছে। অন্যদিকে দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা অনশন করে চলেছেন। এর মধ্যে কয়েকজন অনশনকারী ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যার ফলে কয়েকজন ডাক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিছুদিন আগেও জুনিয়র ডাক্তারদের নিজের বাড়িতে ডেকে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জট খোলেনি তাতে। এবং তারপরেই আন্দোলনকারী ডাক্তাররা আরো ১০ দফা দাবি রেখে অনশন করছেন।
অনশনকারী ডাক্তারদের কথা অনুযায়ী, তাঁরা জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি মেনে না নেন, তাঁরা রাজ্যের সমস্ত হাসপাতালে পরিষেবা দেওয়া থেকে তারা বিরত থাকবেন ।
এই অবস্থায় শনিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনের মাধ্যমে অনশনকারী ডাক্তারদের সঙ্গে কথা বলেন। তাদের দেওয়া ১০ দফা দাবি শোনেন তিনি। এছাড়াও অনশনকারীদের মঞ্চে পৌঁছিয়ে যান মুখ্যসচিব মনোজ পন্ত এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।
সূত্র বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ১০ দফা দাবি শুনে তার মধ্যে ৯ দফা দাবি মেনে নিলেও একটি দাবি মানতে পারবেন না বলে স্পষ্টই জানিয়ে দেন।
অনশনকারী ডাক্তাররা, স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগমকে সরিয়ে দেওয়ার কথা জানালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই জানিয়ে দিয়েছেন, আপাতত স্বাস্থ্য সচিবকে সরানো সম্ভব না। তবে তিনি ৩-৪ মাস সময় চেয়েছেন বাদবাকি দাবিগুলো কার্যকরী করার জন্য।
তবে তিনি এটাও জানিয়েছেন, তিনি মানবিকতার পক্ষে রয়েছেন। অনশনকারীদের উদ্দেশ্যে বলেছেন, তাদের যেহেতু সামনে পরীক্ষা রয়েছে তাই অনশন প্রত্যাহার করে পড়াশোনায় মনোনিবেশ করতে ।এছাড়াও রাজ্যের বেশিরভাগ জনসাধারণ সরকারি হাসপাতালের উপর নির্ভর করে। সেক্ষেত্রে ডাক্তাররা অনশন চালিয়ে গেলে হাসপাতালে পরিষেবা বন্ধ হলে সাধারণ মানুষ যাবে কোথায়!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনশনকারী ডাক্তারদের কাছে বিনীত অনুরোধ করে জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে মানবিকতার উদ্দেশ্যে হাসপাতালে জনসাধারণের জন্য পরিষেবা দেওয়ার জন্য। এছাড়া আগামী সোমবার বিকেল পাঁচটায় ১০ জন অনশনকারী প্রতিনিধিকে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর ।