নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ অক্টোবর ২০২৪ :-

মুম্বাইয়ের একটি বহুতল আবাসনে আগুন লেগে প্রাণ হারালেন ৩ জন, একই সাথে আহত অনেকে। আগুন লাগাতে এলাকায় আতঙ্ক এখনও অব্যাহত।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুম্বাইয়ের আন্ধেরির লোখনন্ডওয়ালা কমপ্লেক্সের ১৪ তলা আবাসনে। এই আবাসনে একসঙ্গে অনেক পরিবার বসবাস করতেন। সকালবেলায় হঠাৎ করেই আবাসনের একটি ঘর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে, ক্ষণিকের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের প্রত্যেকটা ফ্লোরে।
মানুষজন দ্রুত আবাসন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও এতটাই বিধ্বংসী আগুন ছিল যে আগুনের লেলিহান শিখায় আবাসনের অনেকগুলো ঘর পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছেন আবাসনের তিনজন ব্যক্তি, আহত হয়েছেন অনেকেই।
আবাসনের মানুষজনের কাছ থেকে খবর পেয়ে দ্রুত পুলিশ এবং দমকল কর্মী এসে একাধিক ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে। জানা যাচ্ছে, এক ঘণ্টার মধ্যে আগুন আয়ত্তে চলে আসে।
আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া তিনজন ব্যক্তির মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কীভাবে আগুন লেগেছে সেটা এখনো স্পষ্ট নয়, তবে পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছিল। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।