করোনাভাইরাস : চীন ফেরত ডুয়ার্সের হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা : ঘুম ছুটছে আলিপুরদুয়ার স্বাস্থ্য দপ্তরের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ফেব্রুয়ারি’২০২০ :-

করোনা ভাইরাসের আতঙ্ক এবার উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের এক চিন ফেরত ব্যক্তিকে ঘিরে করোনা ভাইরাসের আতঙ্কে তৎপর হল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর। জানা যায়, কমল শিবা নামের ৪৬ বছরের ওই ব্যক্তি দীর্ঘদিন থেকে চীনের একটি হোটেলে কাজ করেন। গত ২৬ জানুয়ারি তিনি চীন থেকে বাড়ি ফিরেছেন। কলকাতা বিমানবন্দর সহ কোথাও কোন রকম স্বাস্থ্য পরীক্ষা হয় নি তার। এই খবর পাওয়া মাত্রই বুধবার হ্যামিল্টন গঞ্জে ওই ব্যাক্তির বাড়িতে গেলেন আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর। বাড়িতে অবশ্য তাকে পাওয়া যায়নি। জানা গিয়েছে কমল শিবা বর্তমানে কলকাতায় রয়েছেন। তার সঙ্গে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা টেলিফোনে যোগাযোগ করেছেন। কমল শিবার শরীরে কোন ভাইরাস সংক্রমণের কোন উপসর্গ লক্ষ্য করা যায়নি। তার পরিবারের সদস্যদের ও স্বাস্থ্য পরীক্ষা করেছে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তর। কারো শরীরেই কোনো রকম করোনা সংক্রমনের উপসর্গ পাওয়া যায়নি। আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দপ্তরের উপ-মুখপাত্র স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, ” বিশেষ সূত্রে খবর পেয়ে হ্যামিলটন গঞ্জে ওই ব্যাক্তির বাড়িতে গিয়েছিলাম আমরা। তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। চিনে কাজ করা ওই ব্যক্তির সঙ্গে টেলিফোনে আমাদের কথা হয়েছে। কারও শরীরেই করোনা সংক্রমনের কোন রকম উপসর্গ নেই বলে জানা গেছে। বিষয়টি আমরা আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে। ওই ব্যক্তিকে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।”

Leave a Reply

error: Content is protected !!