নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ অক্টোবর’১৯:-

আগামী ২৫ নভেম্বর, রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন। তার ফলাফল ঘোষণা হবে ২৮ নভেম্বর। নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে ৩০ অক্টোবর। শুক্রবার তিন বিধানসভা কেন্দ্রে, করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। সেই সঙ্গে উত্তরাখণ্ডের পিথোরাগড় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ওই অঞ্চলের উৎসবের দিন, আবহাওয়ার পূর্বাভাস এবং ভোটার তালিকা পর্যালোচনা করার পরেই উপনির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিতে হবে আগামী ৬ নভেম্বরের মধ্যে, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। দুই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য এভিএম ও ভিভিপ্যাট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।