শূন্য হলো ‘ভালোবাসার বারান্দা’ : প্রয়াত নবনীতা দেবসেন

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ নভেম্বর’১৯:-

ছবি সৌজন্য – অন্তর্জাল

প্রয়াত হলেন সাহিত্যিক নবনীতা দেবসেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হিন্দুস্তান রোডের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। ক্যান্সারে আক্রান্ত থেকেও নিয়মিত লেখালেখি করে গিয়েছেন তিনি। আগামিকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন তাঁর বাড়ি তালা বন্ধ ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। জানা গেছে, সারা রাত বাড়িতে থাকবে তাঁর মরদেহ।

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে নবনীতা দেবসেনের বিয়ে হয়েছিল ১৯৫৯ সালে, বিবাহ বিচ্ছেদ হয় ১৯৭৬ সালে। তারপরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান তিনি। শিক্ষাবিদ নবনীতা অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে। এছাড়া তিনি আমেরিকার কলোরাডো কলেজের তুলনামূলক সাহিত্যে মেট্যাগ প্রফেসর ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণাণ স্মারক লেকচারার ছিলেন। পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি-সহ বহু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন তিনি, আজীবন কাব্যচর্চা করে গিয়েছেন। কবিতা ও গদ্য উভয়ক্ষেত্রেই তিনি সিদ্ধহস্ত, এছাড়া ভ্রমণকাহিনি রচনাতে তাঁর দক্ষতা অনস্বীকার্য। নবনীতা দেবসেনের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Leave a Reply

error: Content is protected !!