নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ ফেব্রুয়ারি’২০২০ :-

অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে আসলে দু’জন অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ওপর। শুক্রবার আর জি কর হাসপাতালে চিকিত্সাধীন আত্মীয়কে দেখতে এসেছিলেন অঞ্জু বিবি এবং মঞ্জু বিবি নামে
দুই অন্তঃসত্ত্বা মহিলা। হাসপাতাল সূত্রে খবর, ভিজিটিং আওয়ার্সের পরে রোগীর সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই দুই মহিলা। এরপরেই শুধু হয় গন্ডগোল। ওই দুই মহিলার পরিবারের সদস্যদের অভিযোগ, ওই ওয়ার্ডের নিরাপত্তারক্ষী দুই অন্তঃসত্ত্বাকে বলেন, ভিজিটিং আওয়ার্স ছাড়া রোগীর সঙ্গে দেখা করতে গেলে ২০ টাকা করে লাগবে। কিন্তু টাকা দিতে রাজি হননি দুই মহিলা। এরপরেই তাদের মধ্যে বচসা শুরু হয়। ওই দুই মহিলার পরিবারের অভিযোগ, বচসা চালাকালীন দুই অন্তঃসত্ত্বাকে মারধর করেন ওয়ার্ডের নিরাপত্তারক্ষী। এক অন্তঃসত্ত্বার পেটে ওই নিরাপত্তারক্ষী লাথি মারেন বলেও অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। কেবল নিরাপত্তারক্ষী নয়, ওই ওয়ার্ডের আয়ার বিরুদ্ধেও মারধরের অভিযোগ এনেছে দুই অন্তঃসত্ত্বার পরিবার।
জানা যায়, মারধর চলায় অসুস্থ হয়ে পড়েন দু’জনেই। অচৈতন্য হয়ে যান এক অন্তঃসত্ত্বা। এরপরেই দ্রুত ওই দুই অন্তঃসত্ত্বাকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। পরে মানিকতলা থানার পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ওই নিরাপত্তারক্ষী এবং আয়ার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দুই অন্তঃসত্ত্বার পরিবার।