৭ নভেম্বর থেকে বাংলায় নিষিদ্ধ গুটখা-পানমশলা : সময়সীমা মাত্র ১ বছর

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১ নভেম্বর’১৯:-

সারা বাংলায় বন্ধ হতে চলেছে গুটকা ও পান মসলা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আগামী ৭ নভেম্বর থেকে বাংলায় নিষিদ্ধ হচ্ছে গুটখা ও পান মশলা। শুধু তাই নয় বাংলায় বন্ধ হয়ে যাচ্ছে কারখানাগুলিও। ৭ নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস৷ তামাক, গুটখা সেবনের ফলে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৷ তাই এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা জারি করার দিন হিসেবে ৷

তবে এই নিষেধাজ্ঞা চিরকালীন নয়। মাত্র এক বছরের জন্য। এমনই লেখা হয়েছে ওই নির্দেশিকায়। আগামী বৃহস্পতিবার থেকে এক বছর সময়ের জন্য রাজ্যে গুটখা বা পানমশলার উৎপাদন, মজুত এবং বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য নিরাপত্তা আধিকারিক তপন কান্তি রুদ্র।

দু’সপ্তাহ আগে পান মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে উত্তরাখণ্ড সরকার । শুধু বিক্রিই নয়, তামাক ও নিকোটিন জাতীয় দ্রব্য তৈরি করা, স্টোর করা ও বিলি করার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয় । বেশ কিছুদিন আগেই পান মশলা এবং গুটকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ত্রিপুরা ও মেঘালয় । আর এবার সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার ।

Leave a Reply

error: Content is protected !!