নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২২ জানুয়ারি’২০২০ :-

ছবি সৌজন্য -অন্তর্জাল
“হাই, আমি ব্যোমমিত্রা, অর্ধ হিউম্যানয়েডের প্রথম প্রোটোটাইপ” । বুধবার বেঙ্গলুরুতে সাংবাদিকদের সাথে এই বলেই পরিচয় সারলেন ইস্রোর ‘গগনযান’ প্রোজেক্টের যাত্রী হিউম্যানয়েড রোবট ব্যোমমিত্রা !
বুধবার বেঙ্গলুরুর একটি ইভেন্টে প্রকাশ্যে আনা হয় ব্যোমমিত্রাকে । সেখানেই উপস্থিত সকলকে রীতিমত তাক লাগিয়ে দেয় ব্যোমমিত্রা । মানুষের মতোই কথা বলতে পারে সে । সামনের জনকে চিনেও নিতে পারে অনায়াসে । সহ মহাকাশচারীদের কর্মকান্ড অনুকরন করতেও সক্ষম এই হিউম্যানয়েড ।
এই বছরের শেষের দিকে ‘গগনযান’ প্রকল্পের অংশ হিসাবে একটি মানববিহীন বিমানে ব্যোমমিত্রাকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে মহাকাশ সংস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ২০১৯ এর স্বাধীনতা দিবসের ভাষণে গাগানায়ন প্রকল্প ঘোষনা করেন । তার মতে এই প্রকল্প ভারতীয়দের মহাকাশে প্রেরণের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা ।
ব্যোমমিত্রাকে অর্ধ হিউম্যানয়েড বলা হচ্ছে কারণ প্রায় মানুষের মতো গঠন হলেও তার পা নেই । ইসরো বিজ্ঞানী স্যাম দয়াল বলেন, “এটিকে অর্ধ হিউম্যানয়েড বলা হয় কারণ এর পা নেই। এটিকে কেবল পাশাপাশি এবং সামনে বাঁকানো যেতে পারে ।এটি নির্দিষ্ট কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবে এবং সর্বদা ইসরো কমান্ড সেন্টারের সংস্পর্শে থাকবে,” ।
২০২০ সালের ডিসেম্বরে গগনযান প্রোজেক্টে ব্যোমমিত্রাকে মহাকাশে পাঠানো হবে আশা করা যাচ্ছে ।