
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৩১অক্টোবর’১৯:-
থেমে গেল লড়াই । শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী। সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা সমর্থকরা । শোকবার্তা জানিয়ে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক ড:সৌরভ চক্রবর্তী বলেন, ওনার এই চলে যাওয়া আমাদের দল ও জেলার জন্য এক অপূরণীয় ক্ষতি । অনিলবাবুর মৃত্যুতে শোক প্রকাশ করে আলিপুরদুয়ার জেলা প্রেস কর্নারের তরফে অম্লান জ্যোতি ঘোষ জানান, অনিলদা খুবই উদার মনের মানুষ ছিলেন । সকলের কাছেই সমাদৃত ছিলেন । সাংবাদিকদের সঙ্গে খোলা মনেই মিশতেন । এই মৃত্যু বেদনাদায়ক ।
তৃণমূল দলীয় সূত্রে জানানো হয়েছে, কলকাতা থেকে সড়ক পথে বিধায়কের দেহ ফালাকাটায় নিয়ে আসা হচ্ছে। ২০১১ সাল থেকে ফালাকাটা কেন্দ্রের বিধায়ক পদ অলংকৃত করে আসছিলেন অনিলবাবু। ফালাকাটার বহু উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর অবদান অনস্বীকার্য ।