নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৫ ফেব্রুয়ারি’২০২০ :-

পুত্রবধূকে অপহরণের হাত থেকে বাঁচাতে প্রাণ দিতে হল শ্বশুরকে। মঙ্গলবার রাত ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতার ট্যাংরা থানা এলাকায়। যদিও বুধবার সকালের আগে গোটা ঘটনাটি জানতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ বছরের এক মহিলা মঙ্গলবার রাতে ট্যাংরা থানা এলাকার এক পাশের বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। রাত ১২টা নাগাদ ওই মহিলা, তার শাশুড়ি ও শ্বশুর গোপাল প্রামানিক এর সাথে হেঁটেই বাড়ি ফিরছিলেন। তাদের অভিযোগ, ওই সময় গোবিন্দ খটিক রোড ধরে তপসিয়ার দিক থেকে ট্যাংরা থানার দিকে আসছিল একটি সাদা রঙের অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুল্যান্সটি মহিলার পাশে এসে দাঁড়িয়ে পরে। মহিলার জানান, থামার পর অ্যাম্বুল্যান্সে বসা এক ব্যক্তি তাঁকে হাত ধরে গাড়ির মধ্যে তোলার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ভয়ে চিৎকার করে ওঠেন ওই মহিলা। পুলিশকে মহিলা জানিয়েছেন, তিনি চিৎকার করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই অ্যাম্বুল্যান্সটি পালানোর চেষ্টা করে।
পুত্রবধূর চিৎকার শুনে ছুটে এসেছেন গোপাল প্রামাণিক। তিনি জানলা দিয়ে অ্যাম্বুল্যান্সের চালককে ধরার চেষ্টা করেন। চালক গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। অভিযোগ, তাঁকে ধাক্কা মেরে অনেক দূর পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায় অ্যাম্বুল্যান্সটি । এর পর গুরুতর আহত অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের দাবি, মঙ্গলবার রাতে ট্যাংরা থানার কাছে একটি পথ দুর্ঘটনার খবর আসে এবং সেখানে একজনের মৃত্যু হয় বলে তারা জানতে পারেন। পুলিশ প্রাথমিক ভাবে জানত যে, অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয়েছে বছর পঞ্চাশের এক ব্যক্তির। কিন্তু বুধবার সকালে তাঁর পরিবারের সদস্যরা গোটা ঘটনাটি জানান। ফলে এখন নতুন করে তদন্তে নেমেছে পুলিশ।