নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৭ফেব্রুয়ারি’২০২০ :-

মহিলারা শারীরবৃত্তীয় ভাবে পুরুষদের থেকে দুর্বল ; সেই কারনে ভারতীয় সেনার কমান্ডিং পদে স্থায়ীভাবে অধিষ্ঠিত হতে পারেননা মহিলা অফিসাররা — এমনটাই দাবি জানিয়েছিল কেন্দ্রীয় সরকার । কিন্তু আজ সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে ঘোষনা করে যে মহিলা অফিসারদের কমান্ডিং পোষ্টে স্থায়ী পদ পেতে আর কোনো অসুবিধাই নেই । মহিলা অফিসারদের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এই ধারণা এবং দৃষ্টিভঙ্গিকে “স্টিরিওটাইপ” ( চিন্তাভাবনাহীন ভ্রান্ত ধারণা ) বলে সমালোচনাও করে সর্বোচ্চ আদালত ।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হেমন্ত শর্মার বেঞ্চের তরফে জানানো হয় যে মহিলা অফিসারদের কেবলমাত্র পুরুষ অফিসারদের ‘উপরি’ হিসেবে গণ্য করার দিন এখন অতীত । একজন মহিলা অফিসার সীমিত সময়ের কমান্ডিং পোস্টে যদি দক্ষতা প্রদর্শন করেন তাহলে তার পদে স্থায়ীকরনে আর কোনো বাধাই থাকবে না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ।
প্রসঙ্গত কিছু মাস আগে কয়েকজন মহিলা আর্মি অফিসার কমান্ডিং পোস্টের জন্য আবেদন করলে সেই আবেদন নিয়ে বিতর্ক সৃষ্টি হয় । কেন্দ্রীয় সরকার মনে করে কমান্ডিং পোস্টের জন্য যথেষ্ট যোগ্য নন মহিলা অফিসাররা । এর পরেই শুরু হয় আইনি প্রক্রিয়া । সেই প্রক্রিয়া শেষে আজ সর্বোচ্চ আদালত মহিলাদের পক্ষে রায় ঘোষণা করা হয় । নিঃসন্দেহে লিঙ্গ সাম্যের দিকে একধাপ এগিয়ে গেল ভারত ।