জামিন পেয়েই প্রতিশোধের হামলা : উন্নাও নির্যাতিতাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ০৫ডিসেম্বর’১৯:-

তেলেঙ্গানার ঘটনার সাতদিন না যেতেই আবারও ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা। এবার ঘটনাস্থল উন্নাও। বৃহস্পতিবার ভোরে মেয়েটিকে একটি খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং পরে গায়ে পেট্রোল ঢেলে তাকে খুনের চেষ্টা করা হয়। ওই নির্যাতিতার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। অভিযোগ, জামিনে মুক্তির পর মূল দুই অভিযুক্ত তিন সঙ্গীকে নিয়ে এই যুবতীর উপর হামলা চালায় ৷ তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে ৷ ঘটনাস্থল থেকে যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পুলিশ ৷ প্রথমে জেলা হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে স্থানান্তরিত করা হয় লখনউয়ের ট্রমা সেন্টারে ৷

পুলিশ সূত্রের খবর, বিহাট থানা এলাকার ওই যুবতীকে মার্চ মাসে গণধর্ষণ করে দুষ্কৃতীরা ৷ এই ঘটনার পর দু’জনকে গ্রেপ্তার করা হয় ৷ তাদের জেল হয়েছিল ৷ যদিও পরে তারা জামিনে মুক্তি পায় ৷ এই মামলার জন্য ওই যুবতী রায়বরেলী যাচ্ছিলেন ৷ অভিযোগ, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ গ্রামের বাইরে ওই দুই অভিযুক্ত তার তিন সঙ্গীকে নিয়ে চড়াও হয় ওই যুবতীর উপর ৷ প্রথমে মারধোর করে ৷ পরে গায়ে পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেয় ৷ পরে পুলিশের কাছে ওই দুই অভিযুক্তের নাম জানিয়েছেন যুবতী ৷

তেলেঙ্গানায় পশু চিকিৎকে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদে পথে নেমেছে গোটা দেশ। ক্রমশ চড়ছে ক্ষোভের আগুন। দিল্লীর রাজঘাটে মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিয়াল আমরণ অনশন শুরু করেছেন। দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় প্রশ্নের মুখে যখন আইনি ব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা ,তখন বৃহস্পতিবার উন্নাওয়ে ধর্ষিতাকে খুনের চেষ্টা প্রশাসনকে ফের একবার কাঠগড়ায় তুলল।

Leave a Reply

error: Content is protected !!